Sylhet Today 24 PRINT

ঢাকার পর চট্টগ্রামেও সাংবাদিক-পুলিশ লেখা স্টিকার নিষিদ্ধ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মে, ২০১৬

রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রামেও গাড়িতে পরিচয়বহনকারী আলাদা স্টিকার ব্যবহার না করতে পেশাজীবীদের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

রোববার (১৫ মে) সিএমপি সদরদপ্তরে ‘বিট পুলিশিং’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার।

দৃশ্যত ঢাকায় ডিএমপি কমিশনারের এ সংক্রান্ত নির্দেশনার পর চট্টগ্রামেও একই নির্দেশনা এল।

আরও পড়তে পারেন : গাড়িতে পুলিশ-সাংবাদিক স্টিকার নিষিদ্ধ

অবশ্য সিএমপি কমিশনার এখনই অভিযানে যাওয়ার কথা নাকচ করেছেন।

তিনি বলেন, “নগরীতে ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা আনতে এবং আইনের সুষ্ঠু প্রয়োগে সিএমপি’র ট্রাফিক বিভাগ কাজ করে যাচ্ছে।”

আলগা স্টিকার না লাগানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, “গাড়িতে পুলিশ/ সিএমপি/ সাংবাদিক/ অ্যাডভোকেট/ চিকিৎসক বা অন্য কোন আলগা স্টিকার না লাগানোর অনুরোধ করব।”

এছাড়াও গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার পাশাপাশি পুলিশ, ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স ছাড়া অন্য গাড়িতে হুটার ও বিকন লাইট ব্যবহার না করারও অনুরোধ করেন তিনি।

ইকবাল বাহার বলেন, “আমরা কোনও নির্দেশনা দিতে চাইনি। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যবেক্ষণ করে অভিযানে যাব।”

তবে গাড়িতে প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহারে সমস্যা নেই বলেও জানান তিনি।

গত ৩ মে ঢাকায় ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া প্রতিষ্ঠানের নামাঙ্কিত স্টিকার ছাড়া ‘আলগা’ স্টিকার গাড়িতে লাগানো যাবে না বলে নির্দেশনা দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.