Sylhet Today 24 PRINT

নরসিংদীতে টেক্সটাইল মিলে আগুন, ১ পাকিস্তানি সহ নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০১৬

নরসিংদী সদর উপজেলায় ‘মম টেক্সটাইল’ নামের একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে ৩ জন নিহত হয়েছে ও আহত হয়েছেন অন্তত ১২ জন। নিহত ৩ জনের মধ্যে এক পাকিস্তানি নাগরিকও রয়েছেন।

শনিবার (২১ মে) সকালে উপজেলার শীলমান্দি এলাকায় ‘মম টেক্সটাইল’ নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান জেলা পুলিশ সুপার আমেনা বেগম।

নিহতরা হলেন- পাকিস্তানি নাগরিক আশিক আলী (৪৫), কারখানার বাবুর্চি সেলিম মিয়া (৩৩) ও শ্রমিক রফিক মিয়া (৩২)।

শনিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার শিলমান্দীতে পাকিজা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মম টেক্সটাইলের কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানায় অবস্থানরত শ্রমিকদের অনেকেই তখন ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর কেমিক্যালের বিষাক্ত ধোয়ায় শ্বাসরোধ হয়ে তিনজনের মৃত্যু হয়।

পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস আই মহসিন জানান, নিহত তিন জনের মরদেহ নরসিংদী জেলা ও সদর  হাসপাতালে রাখা হয়েছে। আহতদের নরসিংদী ও ঢাকায় ভর্তি করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.