সিলেটটুডে ডেস্ক | ২২ মে, ২০১৬
গাজীপুরের টঙ্গীতে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে চার আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। আসামি চারজনই পলাতক রয়েছেন।
টঙ্গীর এরশাদ নগরের ব্যবসায়ী মোকছেদ আলী সেন্টু (২৫) দশ বছর আগে কুপিয়ে হত্যা করা হয়।
রোববার (২২ মে) দুপুর পৌনে ১টার দিকে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহি ভূঁইয়া এ রায় দেন। আদালত দুটি ধারায় রায় দেন।
এর মধ্যে ৩০২ ধারায় হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা এবং ৩৮৫ ধারায় চাঁদা দাবির ঘটনায় প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- টঙ্গীর এরশাদ নগর এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে মো. রুবেল ওরফে টাইগার রুবেল (৩৫), একই এলাকার আবদুল রউফের ছেলে বাবু (৩২) ও কালু মিয়ার ছেলে আশরাফ আলী (৩০) এবং টঙ্গীর আউচপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে ছলেমান (৩১)।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল জানান, চাঁদার দাবিতে ২০০৬ সালের ২৭ জানুয়ারি রাত সোয়া দশটার দিকে টঙ্গীর এরশাদ নগর এলাকার বাড়ির পাশেই মোহাম্মদ আলীর ছেলে মোকছেদ আলী সেন্টুকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফয়েজ উদ্দিন।