সিলেটটুডে ডেস্ক | ২২ মে, ২০১৬
বিবাহিত, বয়স উত্তীর্ণ ও ব্যবসায়ীদের নিয়ে গাজীপুর জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
শনিবার (২১ মে) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই বিবাহিত বলে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে।
এদিকে, গঠনতন্ত্রের বাইরে গিয়ে কমিটি গঠনের প্রেক্ষাপটে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রনেতা কমিটিকে কেন্দ্র করে টাকা-পয়সা লেনদেনের অভিযোগ করেছেন। কিন্তু এর স্বপক্ষে কোন প্রমাণ হাজির করতে পারেন নি তারা।
এদিকে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য সুজন মিয়া ক্ষোভ প্রকাশ করে তার ফেসবুকে লিখেন, অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! গাজীপুর জেলা ছাত্রলীগের দুই উজ্জ্বল নক্ষত্র, ছাত্ররাজনীতির ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তিত্ব, গাজীপুর জেলা ছাত্রলীগের দুই বিবাহিত সভাপতি ও সাধারণ সম্পাদককে গাজীপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার জন্য অভিনন্দন।
অবিভক্ত গাজীপুর জেলা ছাত্রলীগের কমিটি (হীরা -রাসেল কমিটি) দীর্ঘদিনেও যেখানে পূর্ণাঙ্গ কমিটি দিতে পারে নাই সেখানে বর্তমান বিবাহিত কমিটি ধূমধাম করে বিবাহ সম্পন্ন করেও পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে সক্ষম হলও। এটি সত্যিই তাদের বিরাট সাফল্য। আশাকরি বিবাহোত্তর সংবর্ধনার অনুরূপ পূর্ণাঙ্গ কমিটি উত্তর একটি সংবর্ধনার আয়োজন করা হবে যেখানে অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আমরা গাজীপুরের বর্তমান ও সাবেক ছাত্রনেতাবৃন্দ আমন্ত্রিত হবো।
এ বিষয়ে সিলেটটুডের পক্ষ থেকে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের বক্তব্য জানতে মোবাইলে চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।