Sylhet Today 24 PRINT

ইবাদত-জিয়ারতে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মে, ২০১৬

আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত-বন্দেগি আর প্রিয়জনদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহিমান্বিত এই রাত পার করছেন মুসলিম সম্প্রদ্রায়ের অনুসারীরা।

রবিবার সন্ধ্যা থেকে সিলেটের বিভিন্ন মাজার ও মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মানুষদের। সন্ধ্যার পর থেকে নগরীর নগরীর রাস্তাঘাট ফাঁকা থাকলেও উল্টো চিত্র দেখা যায় মাজার ও মসজিদগুলোতে।

এই রাতে ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলমান হযরত বোরহান উদ্দিন (রহ.) এর মাজারে সিলেটের বাইরে থেকেও প্রচুর লোকজন হাজির হয়েছেন। ফলে মাজারগুলোতে তিল ধারণের ঠাঁই নেই।

আরও পড়ুন- বরকতময় শবে বরাত

রোববার রাতে  শাহজালাল (র.) মাজারে গিয়ে দেখা যায়, লাইন ধরে ধর্মপ্রাণ মুসলমানেরা মাজারে প্রবেশ করছেন।  জিয়ারত করছেন কবর।

শবে বরাতে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনার জন্য মানুষ সন্ধ্যার পর থেকেই বিভিন্ন মসজিদে ভিড় করেন। অনেকে আবার মাজার ও কবরস্থানে যান মোনাজাত করার জন্য। কাছের মানুষটির কবরের পাশে দাঁড়িয়ে তার মুক্তির জন্য দোয়া করেন স্বজনরা।

আরও পড়ুন- প্রার্থনার রজনী


এদিকে, শবে বরাত উপলক্ষ্যে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজারে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কঠোর নজরদারীর জন্য মাজার প্রাঙ্গনে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমান পুলিশ।

রোববার রাতভর মাজারগুলো মানুষের ঢল থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.