যশোরে একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের স্কুল ব্যাগে থাকা বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোমাটি কুড়িয়ে পাওয়া বলে দাবি করেছে ঐ শিশু।
সোমবার সকালে শহরের খোলাডাঙ্গা এলাকায় মাওলানা শাহ আব্দুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনায় কেউ হতাহতের হয়নি বলে জানান কোতোয়ালি থানার এসআই সাহাবুল আলম।
ঘটনার পর ওই শিশুকে (১০) হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ ফেরদৌসী বলেন, শহরের রেলগেট কলাবাগান এলাকার ওই শিশুটি আঞ্জুমান মফিদুল খালেকিয়া এতিমখানায় থেকে স্কুলে পড়াশুনা করে।
“সোমবার সকাল ১০টার দিকে স্কুলে অ্যাসেম্বলি চলার সময় শ্রেণিকক্ষের জানালা দিয়ে তার বই-খাতার ব্যাগটি বাইরে ফেললে বিস্ফোরণ হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার ও শিশুটিকে হেফাজতে নিয়ে যায়।”
এসআই সাহাবুল বলেন, “পুলিশ শিশুটিকে হেফাজতে নিয়েছে। জিজ্ঞাসাবাদে ৭/৮ দিন আগে বোমাটি কুড়িয়ে পেয়ে ব্যাগের মধ্যে রাখার কথা জানিয়েছে সে।”