মোস্তাফিজুর রহমান, বেনাপোল | ০৮ জুন, ২০১৬
শার্শা সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যা ৭টার সময় যশোর শহরের মাইকপট্টিতে এ ঘটনাটি ঘটে।
আহত চেয়ারম্যান শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।
এ ঘটনার প্রতিবাদে তার কর্মী-সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যানবাহন চলাচল শুরু হয়।
আহত সোহরাব হোসেন জানান, দুপুরে শার্শা থেকে যশোর আসেন তিনি। প্রয়োজনীয় কাজ শেষে ইফতারের সময় হয়ে যাওয়ায় গাড়ি নিয়ে নূরু হোটেলের পাশে গিয়ে দাঁড়ান। তার এক সঙ্গী ইফতারি কিনতে হোটেলে যান এবং তিনি গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। আকস্মিক ৩-৪ জন যুবক ছুরি হাতে নিয়ে তার উপর হামলা চালায়। তারা তার গলা ও বুক লক্ষ্য করে ধারালো অস্ত্র চালাতে থাকে। এসময় তিনি লাথি ছুড়ে ও হাত দিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করেন। তবে একটি ছুরি তার বাম পায়ে আঘাত করে। এসময় সোহরাবের সঙ্গীসহ আশেপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে নিরাপত্তার অভাবে তিনি যশোরে কোথাও ভর্তি না হয়ে ঝিকরগাছায় গিয়ে একটি ক্লিনিকে চিকিৎসা নেন। এবং পতাকে চিকিৎসা শেষে নিরাপত্তাজনিত কারণে তার নিজ বাসায় নিয়ে আসা হয়।
গত ৪ জুন ৬ষ্ঠ ও শেষ ধাপের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সোহরাব হোসেন শার্শা সদর আসন থেকে পূণরায় চেয়ারম্যান নির্বাচিত হন।