Sylhet Today 24 PRINT

বেনাপোলে ৪ কোটি টাকার পোশাক আটকের ৬ দিন পর বিজিবির প্রেস বিজ্ঞপ্তি

বেনাপোল সংবাদদাতা  |  ০৮ জুন, ২০১৬

বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা চার কোটি সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় তৈরি পোশাক ও থান কাপড় আটক করার ৬ দিন পর সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত বুধবার (১ জুন) এসব পণ্য আটক করা হলেও মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। বিজিবি কর্তৃপক্ষ শুল্ক ফাঁকির কথা বললেও এগুলো কাস্টমস থেকে ছাড়কৃত না চোরাই পথে ভারত থেকে এসেছে তা জানায়নি।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি টহলদল ১ জুন রাত ৮টার দিকে আমড়াখালি চেকপোস্টে অভিযান চালিয়ে একটি কাভার্টভ্যান আটক করে।

পরে তল্লাশি করা হলে তার মধ্যে থেকে চার কোটি পাঁচ লাখ ৫১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় ১৯৮৯টি থ্রিপিস, ১৬৮০টি শার্ট পিস, ১২ হাজার ৩৪২ মিটার শার্ট থান, ৮২৩৪ মিটার প্যান্ট থান ও ২৮৮টি পায়জামা-পাঞ্জাবি পিস পাওয়া যায়।

আটককৃত মালামাল যশোর শুল্ক গুদামে জমা করা রয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.