Sylhet Today 24 PRINT

নির্বাচনে হেরে মসজিদে উপহার দেয়া ফ্যান ফেরত নিলেন মেম্বার প্রার্থী!

সিলেটটুডে ডেস্ক  |  ০৮ জুন, ২০১৬

এলাকার লোকেরা শান্তিতে নামাজ পড়বেন এই জন্য নির্বাচনের আগে মসজিদে ফ্যান লাগিয়ে দিয়েছিলেন এক মেম্বার প্রার্থী। কিন্তু নির্বাচনে হেরে যাওয়ার পর এলাকার লোকজনের উপর নাখোশ হয়ে মসজিদে দেয়া ফ্যান খুলে নিয়েছেন তিনি।

হাসান আলী নামে পরাজিত এই মেম্বার প্রার্থী ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন।

স্থানীয় লোকজন জানান, ডাংগাপারা গ্রামের একটি মসজিদে মেম্বার প্রার্থী (তালা প্রতীক) হাসান আলী ফ্যান কিনে দেন। নির্বাচনে পরাজিত হবার কিছুদিন পর তিনি সেই ফ্যান খুলে নেন।

ডাংগাপারা গ্রামের বাসিন্দা মকলেসুর জানান, নির্বাচনী প্রচারণার সময় গ্রামে গ্রামে ঘরোয়া বৈঠকে এলাকার মসজিদটিতে কোনো ফ্যান না থাকায় তিনি ওইখানে ফ্যান কিনে দেন। শর্ত দিয়েছিলেন নির্বাচনে তালা প্রতীকে তাকে ভোট দিতে হবে। তবে নির্বাচনে তিনি পরাজিত হন। ওই গ্রামে ভোট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে কিছুদিন পর মসজিদ থেকে ফ্যান খুলে নেন তিনি।

এ বিষয়ে মেম্বার প্রার্থী হাসান আলী বলেন, নির্বাচনের আগেই আমি ফ্যান কিনে দিলাম যেন গ্রামবাসী শান্তিতে নামাজ পড়তে পারে। অথচ গ্রামবাসী আমাকে ভোট দেয়নি। তাই আমি ফ্যানগুলো ফেরত নিয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.