Sylhet Today 24 PRINT

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০১৬

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা। শুক্রবার সকালে জয়দেবপুর চৌরাস্তায় এ ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মানিক মিয়া বলেছেন, সিটি করপোরেশনের রওশন সড়ক এলাকার তানভীর ফ্যাশন ওয়্যার নামের ওই কারখানার মালিকপক্ষ বেতন দিতে দেরি হবে জানানোয় বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে।

পুলিশ তাদের সরাতে গেলে একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরে লাঠিপেটা করে এবং টিয়ার শেল ছুড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় বলে মানিক মিয়া জানান। বিক্ষোভ-সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বিঘ্নিত হয় বলে জানান তিনি।

তানভীর ফ্যাশন ওয়্যারের স্যুয়িং সেকশনের কোয়ালিটি ইনস্পেক্টর শিপন বলেন, তাদের মে মাসের বেতন জুনের ১০ তারিখের মধ্যে পরিশোধের কথা থাকলেও বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানায়, এবার ১৬ জুন অর্ধেক বেতন পরিশোধ করা হবে। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সকাল সাড়ে ৮টার দিকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে শ্রমিকরা পাশের জয়দেবপুর চৌরাস্তা অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশের লাঠিপেটা ও টিয়ার শেলে অর্ধশত শ্রমিক আহত হন বলে জানান শিপন। তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শিল্প পুলিশের পরিদর্শক মানিক বলেন, কারখানা কর্তৃপক্ষের ওই ঘোষণার কারণেই শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিকদের ছোড়া ঢিলের আঘাতে ৮-১০ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পর জয়দেবপুর চৌরাস্তা হয়ে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.