Sylhet Today 24 PRINT

জিয়া পরিষদের নেতাকে কুপিয়ে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০১৬

নরসিংদীর শিবপুরে শামীম মিয়া (৩২) নামে জিয়া পরিষদের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

শুক্রবার সকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া কান্দাপাড়া থেকে লাশ উদ্ধার করে পুলিশ।শামীম মিয়া আইয়ুবপুর ইউনিয়নের বিএনপির সহযোগী সংগঠন জিয়া পরিষদের আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে কে বা কারা শামীম মিয়াকে বাড়ি থেকে ডেকে নেয়। স্ত্রী পারুল বেগম অন্তঃসত্ত্বা হওয়ায় শামীম বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে যান। শুক্রবার সকালে পথচারীরা বাড়ির পাশে শামীমের রক্তাক্ত দেহ দেখতে পায়। পরে স্থানীয়রা ঘরের বেড়া কেটে নিহতের স্ত্রীকে বের করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, 'রাতেই দুর্বৃত্ত্বরা শামীমকে হত্যা করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটন ও খুনিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।'

জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শামীম হত্যায় জড়িতদের বিচার দাবি করেন।

শামীমের স্ত্রী পারুল বেগম সাংবাদিকদের জানান, এলাকার কয়েক জনের সঙ্গে তার স্বামীর জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এই ঘটনার জের ধরে তারা আমার স্বামীকে হত্যা করেছে। এ ছাড়া আমার জানা মতে শামীমের আর কারো সঙ্গে কোনো বিরোধ নেই।

শামীমের বাবা জালাল উদ্দিন বলেন, 'আমি সিলেটে বসবাস করি। ছেলে হত্যার খবর পেয়ে বাড়িতে ছুটে আসি। কে বা কারা কী কারণে খুন করেছে আমি বলতে পারছি না। শামীমের এক ছেলে ও এক মেয়ে শিশুসন্তান রয়েছে। এ ছাড়া শামীমের স্ত্রী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন শামীম।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.