Sylhet Today 24 PRINT

বেনাপোলে আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার আসামী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি |  ১৬ জুন, ২০১৬

বেনাপোল পৌর এলাকা থেকে হত্যা, বিস্ফোরকসহ একাধিক মামলার আসামী লিটন (৪০) কে একটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুন) সকালে বেনাপোলের ভবারবেড় গ্রাম থেকে পোর্ট থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

সে ভবারবেড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। কাগজপুর গ্রামের যুবলীগ নেতা ছামাদ হত্যা ও বেনাপোল বলফিল্ডে বৈশাখী মেলায় বোমা হামলায় হত্যা মামলার অন্যতম আসামী সে। এর আগেও তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল। কিন্তু একটি পক্ষ তাকে বার বার ছাড়িয়ে এনে সন্ত্রাসী কাজে ব্যবহার করে আসছে বলে জানা গেছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) মফিজুর রহমান জানান, তাদের কাছে গোপন খবর আসে একাধিক মামলার পলাতক এক আসামী এলাকায় ফিরে বেনাপোলের ভবারবেড় গ্রামে অবস্থান করছে। পরে পুলিশ সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশি করে একটি ওয়ান শুটারগান পাওয়া যায়। তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.