Sylhet Today 24 PRINT

পেঁয়াজেও ফরমালিন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০১৬

এবার পেঁয়াজেও ফরমালিনের সন্ধান পাওয়া গেছে। কক্সবাজারে ফরমালিনযুক্ত ১০০ বস্তা পেঁয়াজ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক রাসেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের বাজারঘাটা এলাকায় অভিযান চালান।

এ সময় ‘ভাইভাই স্টোর’ নামের একটি দোকানের পেছনে মজুত রাখা ১০০ বস্তা পেঁয়াজে ফরমালিন পাওয়ায় সেগুলো জব্দ করা হয়।
 
ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক রাসেল জানান, ভারত থেকে আনা এসব পেঁয়াজে ফরমালিনযুক্ত কেমিক্যাল মেশানো আছে। পেঁয়াজ যেন দ্রুত পচে না যায়, সে জন্য লাল রঙের ক্ষতিকর ওই রাসায়নিক মেশানো হয়। পর্যায়ক্রমে অন্যান্য বাজারেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।
 
দোকানের মালিক আবু তাহের বলেন, চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে পেঁয়াজ কিনে তিনি খুচরা বিক্রি করছেন। ফরমালিনযুক্ত কেমিক্যাল মেশানো হলে চট্টগ্রাম কিংবা অন্য কোথাও মেশানো হতে পারে। কক্সবাজার শহরসহ বিভিন্ন দোকানে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.