Sylhet Today 24 PRINT

কাঁঠালের বিচি নিয়ে সংঘর্ষে প্রাণ গেলো দুই জনের

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুন, ২০১৬

জামালপুরের বকশীগঞ্জে কাঁঠালের বিচি নিয়ে দুই শিশুর বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মণ্ডল মিয়া (৫৫) ও মোশারফ মিয়া (৫০)।

পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বকশীগঞ্জ পৌরসভাধীন গোয়ালগাঁও মধ্যপাড়া গ্রামের মণ্ডল মিয়ার সাত বছরের নাতি শামীম এর সাথে কাঁঠালের বিচি নিয়ে খেলতে গিয়ে ঝগড়া করে প্রতিবেশী মোশারফ মিয়ার আট বছরের নাতি মঞ্জুরার। পরবর্তীতে দুই শিশুর ওই ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষে বকশীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মোশারফ মিয়া ও তার নিকত্মীয়রা হামলা করে মণ্ডল মিয়াকে বেধড়ক মারধর করে।

অপরদিকে মণ্ডল মিয়ার লোকজন পাল্টা হামলা চালিয়ে মোশারফ মিয়াকে বেধড়ক পিটুনি দেয়। ওই সময় উভয় পক্ষের সংঘর্ষ চলাকালে স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ২টার দিকে মণ্ডল মিয়া ও আজ শুক্রবার সকাল ৮টার দিকে মোশারফ মিয়া মারা যান বলে নিহতের স্বজনরা জানান।

এ ব্যাপারে জানতে চাইলে বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান, শিশুদের খেলা নিয়ে সংঘর্ষে দুই ব্যক্তি নিহতের খবর জেনে উভয় পরিবারের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.