Sylhet Today 24 PRINT

খুলনায় বোমা ও শাটার গানসহ আনসারুল্লাহর ৪ সদস্য গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৬

খুলনার কয়রা উপজেলায় পাঁচটি বোমা, বন্দুকের তিনটি গুলি ও একটি শাটার গানসহ সন্দেহভাজন ৪ জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ  বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ বেতকাশী গ্রামের একটি বাড়ি থেকে ঐ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী জানান, গ্রেপ্তার হওয়া চারজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। আগ্নেয়াস্ত্র ছাড়াও তাদের কাছে ‘আপত্তিকর’ বই পাওয়া গেছে।

খুলনা জেলার পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার (এসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, গ্রেপ্তার ৪ জন হলেন যশোরের কেশবপুর উপজেলার মাইলবগা গ্রামের আলমগীর হোসেন (২৮), খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের রাজীব গাজী ওরফে রাকিব (২৩), পাইকগাছা উপজেলার ফয়সাল ওরফে আল আমিন (২৪) এবং একই উপজেলার তানভীর সরদার (২৩)।

আবদুর রশিদ জানান, গ্রেপ্তার হওয়া চারজনের বিরুদ্ধে কয়রা থানায় তিনটি মামলা  দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, ৪ জনের মোবাইলে ওসামা বিন লাদেনের ভাষণ এবং ব্লগার রাজীব হায়দার (থাবা বাবা) হত্যার তথ্য রয়েছে। তারা সবাই মাদ্রাসার ছাত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.