Sylhet Today 24 PRINT

‘বঙ্গ বাহাদুর’ না বাঁচলেও বেঁচে ফিরলো হাতি শাবক

সিলেটটুডে ডেস্ক |  ১৭ আগস্ট, ২০১৬

বন্যার পানিতে ভেসে আসা বন্য হাতি 'বঙ্গ বাহাদুর' নিজ ভূমিতে ফিরতে না পারলেও তার স্বজাতির এক শাবককে ফিরিয়ে দিতে পেরেছে বাংলাদেশ। 
  
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ী পল্লী গুরুচর দুধনই এলাকার একটি পরিত্যক্ত কুয়া থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ওই হাতি শাবকটিকে উদ্ধার করা হয়। 
  
স্থানীয়রা জানান, রাত প্রায় ৩টার দিকে ২৫-৩০ টির মতো একটি হাতির পাল পাহাড় থেকে নেমে আসে। এ সময় ৩-৪ বছর বয়সী ওই হাতি শাবকটি ২০-২৫ ফুট খাদের ওই কুয়ায় পড়ে যায়। 
  
রাত থেকেই বনবিভাগের কর্মীরা হাতি শাবকটি উদ্ধারের চেষ্টা চালায়। 
  
পরে সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় কুয়া ঘেঁষে একটি ড্রেন কাটা হয়। সেই ড্রেন দিয়েই হাতি শাবকটিকে টেনে তোলা হয়। উদ্ধারের পর হাতি শাবকটি যেদিক দিয়ে এসেছিল সেদিক দিয়েই নিজ ভূমিতে ফিরে যায়। 
  
তবে মঙ্গলবার ভোরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দ গ্রামে ডোবার কাঁদা পানিতে দুর্বল হয়ে পড়ে থাকা হাতি 'বঙ্গ বাহাদুর' মারা যায়। 
  
ভারতের আসামের কাজি রাঙ্গা ন্যাশনাল পার্কের হাতিটি ১৭ জুন বন্যার পানিতে ভেসে কুড়িগ্রামের রৌমারীতে আসে। পরে গাইবান্ধা, জামালপুরের দেওয়ানগঞ্জের বিভিন্ন চরাঞ্চল ঘুরে ২৭ জুন সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ছেন্নার চর যমুনা নদীর দ্বীপে আটকে পড়ে। এখানে কয়েক দিন অবস্থান করার পর ২৮ জুলাই জামালপুরের সরিষাবাড়ী চলে আসে হাতিটি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.