Sylhet Today 24 PRINT

পরীক্ষায় ফেল করায় বকেছেন বাবা, অভিমানে ছাত্রীর আত্মহত্যা

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০১৬

পরীক্ষায় ফেল করায় বকেছিলেন বাবা। তাই অভিমানে আত্মহত্যা করেছে কান্তা খাতুন (১২) নামের এক ছাত্রী।

সোমবার পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কান্তা পতিরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী এবং পতিরাজপুর গ্রামের কৃষক শফি মালিথার একমাত্র সন্তান।

কান্তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বিনতে আনছারী জানান, কান্তা প্রায়ই স্কুলে অনুপস্থিত থাকত, সম্প্রতি অনুষ্ঠিত পরীক্ষায় ফেলও করেছিল সে।

কান্তার বাবা শফি মালিথা বলেন, তার মেয়েটি  ঠিকমত পড়াশোনা করতে চাইত না, স্কুলেও নিয়মিত যেত না। সম্প্রতি পরীক্ষায় ফেল করার পর তাকে তিনি বকা দিয়েছিলেন। আজ (সোমবার) সকালে কান্তাকে স্কুলে যাওয়ার জন্য বলে তিনি মাঠে চলে যান। পরে ঘরে এসে দেখেন তার মেয়ের মরদেহ ঝুলছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.