Sylhet Today 24 PRINT

শিক্ষককে মারধরের জেরে সংঘর্ষ, পুলিশ-শিক্ষার্থীসহ আহত ৩০

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০১৬

শিক্ষককে মারধরের জেরে গাজীপুরে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনায় পুলিশ-শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে গাজীপুরের পুবাইল মিরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, পুবাইলের হারবাইদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আবু বকর সিদ্দিককে এক অভিভাবক কর্তৃক মারধরের ঘটনার বিচার দাবি করে ওই স্কুলের শিক্ষার্থীরা সকালে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টঙ্গি-ঘোড়াশাল সড়কের মিরের বাজারে এসে সড়ক অবরোধ করে। এতে সড়কের উভয় দিকে তীব্র যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিতে চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ তাদের সড়ক থেকে সরাতে লাঠিচার্জ শুরু করে। এতে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ক্যাম্পের এসআই মোবারক হোসেন এবং স্কুলের অন্তত ৩০জন শিক্ষার্থী আহত হন। এক পর্যায়ে শিক্ষার্থীরা পুবাইল পুলিশ ক্যাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস ও একটি কাভার্ডভ্যান ভাঙচুর করে। পরে শিক্ষার্থীরা অবরোধ সরিয়ে নিয়ে স্কুলের মাঠে গিয়ে বিক্ষোভ করতে থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.