Sylhet Today 24 PRINT

টেকনাফে মাটির গর্ত থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৬

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে রাস্তার পাশের ঝোপের গর্তে লুকানো এক লাখ ইয়াবা উদ্ধার হয়েছে।

রোববার ভোরে টেকনাফ পৌর এলাকার জালিয়াপাড়ায় এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান।

তিনি বলেন, “একটি চক্র মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান টেকনাফের জালিয়াপাড়ায় এনে মজুদ করেছে খবর পেয়ে আমরা অভিযানে যাই। সেখানে রাস্তার পাশে ঝোপের ভেতর মাটির গর্ত থেকে পলিথিন মোড়ানো ১০টি প্যাকেটে এক লাখ ইয়াবা পাওয়া যায়।”

তবে উদ্ধার অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি , বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায় বলে আবুজার আল জাহিদ জানান।

তিনি আরো বলেন, “উদ্ধার ইয়াবার বাজারমূল্য আনুমানিক তিন কোটি টাকা। সেগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের দপ্তরে রাখা হয়েছে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.