Sylhet Today 24 PRINT

অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না মুক্তিযোদ্ধা পঞ্চানন বিশ্বাস

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকে |  ২১ অক্টোবর, ২০১৬

চিকিৎসার অভাবে শয্যাশায়ী ঝিনাইদহের মুক্তিযোদ্ধা পঞ্চানন বিশ্বাস। বর্তমানে তিনি অর্থের অভাবে চিকিৎসাও করাতে পারছেন না। শরীরের এক পাশের শক্তি হারিয়ে ফেলেছেন। চলাফেরা করতে না পারায় শয্যাশায়ী তিনি।

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের মত কদার নাথ বিশ্বাসের ছেলে পঞ্চানন বিশ্বাস।

তিনি জানান, ১৯৭১ সালে তার বয়স ২৫ বছর হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে তিনি যুদ্ধে নেমে পড়েন। ভারতের বিহার ৮ নম্বর সেক্টর অবাঙালি রাম প্রকাশ এর নিকট থেকে প্রশিক্ষণ গ্রহণ করে দেশে ফিরে আসেন। এরপর জেলার বিভিন্ন স্থানে যুদ্ধে অংশ নেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর কৃষি কাজ করে সংসার চালান তিনি।

মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন। ৭৫ বছর বয়স এখন তার। ২ ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার তার। মেয়েটিকে বিয়েও দিয়েছেন। ৫ বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শরীরের এক পাশ পড়ে যাওয়ায় বিছানাগত তিনি। প্রথম দিক বাড়ির জমি জায়গা বিক্রি করে চিকিৎসা করালেও এখন অর্থাভাবে আর চিকিৎসা করাতে পারছেন না।

নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন বলেন, পঞ্চানন বিশ্বাস অসহায় একটি মানুষ। নিজের বলে তার কিছুই নেই। বর্তমানে তার যে অবস্থা তাতে জরুরি চিকিৎসার প্রয়োজন।

আর এ চিকিৎসার জন্য সরকার, কোন প্রতিষ্ঠান বা সমাজের বিত্তবান লোকজন এগিয়ে এসে তার চিকিৎসার ব্যয়ভার বহন করলে হয়তো আবার সে সুস্থ হয়ে সবার মাঝে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সিদ্দিক আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে যেকোনো প্রকার সুবিধা পেলে তাকে সহযোগিতা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.