Sylhet Today 24 PRINT

কলেজছাত্রীকে উত্যক্ত করার সময় জনতার হাতে বখাটে আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০১৬

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় এলাকায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মোহাম্মদ নয়ন (২৯) নামের এক বখাটে যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করেন স্থানীয়রা। নয়নের বাড়ি কক্সবাজারে চকরিয়ার শাহারবিলের মাইজঘোনা এলাকায়। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশের মোমিনবাগ আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী আজ সকালে সোয়া আটটার দিকে কলেজে যাওয়ার উদ্দেশে ওয়াসা মোড় এলাকার বাসা থেকে থেকে বের হন। এ সময় নয়ন ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে মেয়েটি চিৎকার দিলে নয়ন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন নয়নকে ধরে ওই কলেজের ভেতর নিয়ে যান।

সকাল ১০টার দিকে কলেজ কর্তৃপক্ষ নয়নকে খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

কলেজের অধ্যক্ষ আনোয়ারা বলেন, পথচারীরা নয়নকে আটক করে কলেজে নিয়ে আসেন। পরে আমরা তাঁকে পুলিশের কাছে সোপর্দ করি।

এদিকে, ওই ছাত্রীর বাবা অভিযোগ করেছেন, তাঁর মেয়ে যখন নবম শ্রেণিতে পড়ত, তখনো নয়ন তাকে উত্ত্যক্ত করেছিলেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.