Sylhet Today 24 PRINT

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার দুই আসামি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৬

পাবনার আতাইকুলা উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্থানীয় শাহজাহান মাস্টার হত্যা মামলার দুই আসামি নিহত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন-আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের বিলসলঙ্গী গ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে বিপ্লব ব্যাপারী ওরফে বিপলু (২৮) ও বড় পাইকশা গ্রামের মোতালেব হোসেনের ছেলে ময়েন উদ্দিন (২৬)।

র‌্যাবের দাবি, নিহত দুইজন নিষিদ্ধ চরমপন্থি দলের সদস্য ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে আতাইকুলা থানায় গয়েশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাজাহান আলী মাস্টার হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।

র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার এএসপি বীণা রানী দাশ জানান, আতাইকুলার গয়েশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কয়েকজন চরমপন্থি নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র‌্যাব। উপস্থিতি টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে চরমপন্থি সন্ত্রাসীরা। র‍্যাবও আত্ম-রক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। বন্দুকযুদ্ধ চলার এক পর্যায়ে পিছু হটে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থলে দুইজনের মৃতদেহ পাওয়া যায়। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের নাম পরিচয় শনাক্ত করেন।

ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.