Sylhet Today 24 PRINT

মানিকগঞ্জের ঘিওরে যুবকের লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৬

শুক্রবার (৫ নভেম্বর) সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে ঘিওর থানা পুলিশ।

তিনি মঙ্গলবার (১ নভেম্বর) কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হন।

মৃত ব্যক্তির নাম মোখলেছুর রহমান (৩৫)। তিনি জামালপুর সদর উপজেলার পলাশগড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি ঢাকার কারওয়ান বাজার এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন।

মোখলেছুর রহমানের শ্যালক নজরুল ইসলাম জানান, তার বোন ও ভগ্নীপতি ঢাকার আগারগাঁওয়ের তালতলা এলাকার মোল্লাপাড়া মহল্লায় একটি ভাড়া বাসায় থাকতেন।

ভগ্নীপতি গত মঙ্গলবার সকাল সাড়ে ৮ দিকে বাসা থেকে বের হন কারওয়ান বাজারে তার কর্মস্থলের যাবার উদ্দেশে । এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিলো না। এ ঘটনায় ওই দিন রাতে পরিবারের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে বানিয়াজুরী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এক যুবকের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তখন এলাকাবাসী বিষয়টি পুলিশকে অবহিত করলে সকাল ১০টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ তৌহিদুল ইসলাম বলেন, ওই যুবককে হত্যার পর দুর্বৃত্তরা ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.