Sylhet Today 24 PRINT

রাসমেলায় যাওয়ার পথে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের ধাক্কায় আহত ৬

সিলেটটুডে ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০১৬

মংলার দুবলার চরে রাসমেলায় যোগ দিতে যশোর থেকে খুলনা যাওয়ার সময় যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রোববার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হচ্ছেন অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সোনিয়া বেগম (২৪), দীঘিরপাড় গ্রামের আসমা বেগম (৩৫) ও আনজিরা বেগম (৪৬), খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামের বীরেন্দ্রনাথ দত্ত।

আহতদের প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনজনের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনগণ প্রায় আধা ঘণ্টা যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরেই দুর্ঘটনাটি ঘটেছে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.