Sylhet Today 24 PRINT

পাচার হওয়া ৫ নারী ও শিশুকে ফেরত পাঠাল ভারত

বেনাপোল প্রতিনিধি  |  ০২ ডিসেম্বর, ২০১৬

অবৈধভাবে ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৫ নারী ও শিশুকে ২ বছর পর দেশে ফেরত পাঠিয়েছে ভারত। শুক্রবার (২ নভেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সুবেদার প্রভাত কুমার তাদের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

দেশে ফেরত আসারা হলেন- বান্দরবনের রুবিদা খাতুন ওরফে রমেছা (২০), খুলনার মাসুরা বেগম (৩০), সুলতানা (২৫), আয়শা বেগম (১৯) ও শিশু আব্দুল্লা আল মামুন (০২)।

বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, ফেরত আসা বাংলাদেশি নারী-শিশুদের আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির হাতে তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার সমন্বয়কারী কর্মকর্তা এবিএম মুহিত হোসেন জানান, ভাল কা‌জের প্র‌লোভ‌নে প‌ড়ে অবৈধভাবে দালালের মাধ্যমে দুই বছর আগে দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে যান। পরে ভারতীয় পুলিশ তাদের পাচারকারীদের হাত থেকে উদ্ধার করে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতের নিলুয়া হোম সেন্টার নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমতি ক্রমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের ফেরত আনা হয়।

তিনি আরো জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে তাদের ফেরত আনা হয়। এছাড়াও তাদের মধ্যে কেউ পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চাইলে তাকে আইনি সহায়তা করা হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.