সিলেটটুডে ডেস্ক | ০৬ ডিসেম্বর, ২০১৬
ছবিঃ প্রথম আলো
ঢাকার শাহবাগ থানাধীন হাইকোর্ট এলাকায় প্রাইভেটকারের চাপায় দুই নারী নিহত হয়েছেন।
হাইকোর্ট এলাকায় গতকাল সোমবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই প্রাইভেটকারের চালক শাওনকে আটক করেছে পুলিশ। শাওন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
নিহত দুই নারীর মধ্যে একজনের নাম হাসিনা (৪০)। কিন্তু অপর নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আটক শাওন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, একটি ট্রাককে জায়গা দিতে গেলে তার গাড়িটি ফুটপাতে উঠে যায়। এতে দুই নারী আহত হন।
ওসি আরো জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, প্রাইভেটকারটিতে শাওন ছাড়াও আরো দুজন ছিল। কিন্তু ঘটনার পরপরই তারা পালিয়ে যায়।