Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকে চিঠি লেখা ৮ বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারত

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৬

বিভিন্ন সময়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আট কিশোরকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত। তাদের দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছিল এই কিশোররা।

শনিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে ওই আট কিশোরকে হিলি সীমান্ত ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামানের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারাও।

ফিরে আসা আট কিশোর হলো দিনাজপুর জেলার মিত্রবাটি গ্রামের সোহেল রানা ও মিজানুর রহমান, সুন্দইল গ্রামের অমৃত চন্দ্র রায়, গৌতম রায়, আজিজুল ইসলাম ও সুজন আলী, ঠাকুরগাঁও জেলার রামচান্দুয়া গ্রামের আরিফুল ইসলাম এবং ঢাকা জেলার হিন্দুপাড়া গ্রামের জুবায়েদ।

হিলি সীমান্ত ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুজ্জামান জানান, ফিরে আসা শিশু-কিশোররা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে ভারতে যায় এবং সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। এরা সবাই এক থেকে দেড় বছর ভারত সরকারের হেফাজতে থাকার পর আজ দেশে ফিরে এসেছে।

ওই আট কিশোরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় দক্ষিণ দিনাজপুরের স্থানীয় চাইল্ড লাইন নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সমন্বয়কারী সুরজ দাস জানান, বাংলাদেশি আট কিশোর বিভিন্ন সময়ে কাজের খোঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে দেশটির পুলিশের হাতে ধরা পড়ে। এই কিশোরদের অনেকেই বাংলাদেশে ফেরত আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছিল। আটকদের মধ্যে আটজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিদের পরবর্তী সময়ে দুই দেশের নিয়মনীতি সম্পন্ন করে ফেরত পাঠানো হবে।

আট বাংলাদেশি কিশোরের মধ্যে সাতজনকে ২০১৫ সালের ২৭ মে আটক করা হয়। আর অন্যজনকে ২০১৫ সালের ২৬ নভেম্বর আটক করে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.