Sylhet Today 24 PRINT

আগুনে পুড়ে দম্পতির মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৬

চট্টগ্রাম নগরের বাকলিয়ার বলির হাট এলাকায় বসতবাড়িতে আগুনের ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৮ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।
 
নিহত দম্পতি হলেন মোহাম্মদ সৈয়দ হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী নাহিদা সুলতানা (২৬)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, প্রথমে একটি কাঁচা বসতবাড়িতে আগুন লাগে। পরে তা আরও কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের ঘটনায় স্বামী-স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরীক্ষা শেষে তাঁদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হতে পারে বলে ধারণা চিকিৎসকদের।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা অতীশ বলেন, চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আগুনে কয়েকটি বসতঘর পুড়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.