Sylhet Today 24 PRINT

বড়দিনের মাত্র ৩ দিন আগে খ্রিস্টান মিশনে হামলা, নৈশপ্রহরী খুন

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৬

নিহতের পরিবারের আহাজারি

বড়দিনের মাত্র ৩ দিন আগে দিনাজপুরের একটি খ্রিস্টান মিশনে প্রবেশ করে শুকু সরেন (৪৫) নামে এক নৈশপ্রহরীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২১ ডিসেম্বর) গভীর রাতে দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর খ্রিস্টান মিশনের এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শুকু সরেন সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের লক্ষণ সরেনের ছেলে।

ওই মিশনের কর্মকর্তা সুপল হেমব্রম জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মিশনে প্রবেশ করে দুর্বৃত্তরা নৈশপ্রহরী শুকু সরেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই কিছুক্ষণ পরে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ওয়ার্ড কমিশনার মাসতুরা বেগম পুতুল জানান, তিনি বেশ কিছুদিন আগেই ওই মিশনের নিরাপত্তা নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন। সামনে বড়দিন উৎসব, তাই বুধবার দুপুরেও তিনি পুলিশকে এ ব্যাপারে অবহিত করেছেন। কিন্তু পুলিশ নিরাপত্তার কোনো উদ্যোগ নেয়নি।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.