Sylhet Today 24 PRINT

৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালনকারীরা ‘পাগল’: অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৭

৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালনকারীদের ‘পাগল’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার (৪ জানুয়ারি) টাঙ্গাইলে একটি অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “৫ জানুয়ারি যারা 'গণতন্ত্র হত্যা দিবস' পালন করে তারা পাগল। ৫ জানুয়ারি গণহত্যা দিবস নয়, গণতন্ত্রের বিজয় দিবস। জনগণ এই দিন গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে।”

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করার আগে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন।

তিনি আরো বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সবার অংশগ্রহণে হয় আমরা সেটাই চাই। নির্বাচন কমিশনার নিয়োগ দেয়ার সাংবিধানিক দায়িত্ব মহামান্য রাষ্ট্রপতির। নির্বাচন কমিশনার নিয়োগের জন্য মহামান্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন। রাজনৈতিক দলগুলোর দেয়া মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এতে সরকারের কোনও হস্তক্ষেপ থাকবে না।”

অন্য এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুহিত বলেন, “জাল টাকা প্রতিরোধে ভারত সরকার তাদের বড় নোট বাতিল করলেও বাংলাদেশ সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণের কথা এখনও ভাবছে না। বাংলাদেশের অর্থনীতি অনেক শক্তিশালী।”

নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন কবির, উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.