Sylhet Today 24 PRINT

শৈলকূপায় বৃদ্ধ কবিরাজকে কুপিয়ে হত্যা

বেনাপোল প্রতিনিধি |  ১৭ জানুয়ারী, ২০১৭

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার যাদবপুর হুদামাইলমারী গ্রাম থেকে আসালত হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ কবিরাজের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে মির্জাপুর ইউনিয়নের যাদবপুর হুদামাইলমারী গ্রামের মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত আসালত হোসেন যাদবপুর হুদামাইলমারী গ্রামের মৃত মুনাউল্লাহর ছেলে। তিনি পেশায় কবিরাজ ছিলেন।

শৈলকূপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে আসালত হোসেন মাঠে কাজ করতে যান। দুপুরে কে বা কারা প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করে। বিকালে যাদবপুর হুদামাইলমারী গ্রামের মাঠে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়।

কবিরাজের কারণে কেউ ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করতে পারে বলে পুলিশ মনে করছে। তদন্তের পর হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানা যাবে বলে ওসি জানান।

এদিকে গ্রামবাসী জানান, সামাজিক বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে দুপুরে প্রতিপক্ষরা কুপিয়ে আসালতকে হত্যা করেছে।

এ ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় শৈলকূপা থানায় মামলার প্রস্তুতি চলছিলো। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.