Sylhet Today 24 PRINT

‘আওয়ামী লীগ নেতারা সুন্দরী মেয়েদের জোরপূর্বক বিয়ে করছে’

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৭

বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার অভিযোগ করে বলেছেন, সিলেটে খাদিজা এবং জকিগঞ্জে একটি মেয়ের ওপর হামলা করেছে আওয়ামী লীগের লোকেরা। শুধু টেন্ডারবাজির মধ্যেই সিমাবদ্ধ নয়, আওয়ামী লীগ নেতারা এখন বিভিন্ন স্কুল কলেজের সুন্দরী মেয়েদের জোরপূর্বক বিয়ে করছে।

তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।

সরোয়ার বলেন, দুর্নীতির মাধ্যমে পকেট ভারী করে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা লোপাট করছে। ব্যাংকগুলোকে লুট করেছে আওয়ামী লীগের নেতারা। হাজার হাজার টাকার টেন্ডারের কাজ করছে আওয়ামী লীগ নেতারা।

গত ৫ জানুয়ারি বরিশালে বিএনপি’র সমাবেশে হামলার দায়-দায়িত্ব আওয়ামী লীগকেই নিতে হবে হুশিয়ারি উচ্চারণ করে সরোয়ার বলেন, তারা শুধু বিএনপি অফিসে নেতাকর্মীদের উপর হামলা করেই ক্ষ্যান্ত হয়নি। তারা বিএনপি’র মহিলা কর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা করেছে। রাজনৈতিক পট পরিবর্তন হলে জনগন এর জবাব চাইবে।

মহানগর বিএনপি’র সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন ও সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন সহ শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.