Sylhet Today 24 PRINT

‘অদ্ভুত নাম্বারপ্লেটের’ বিএমডব্লিউ গাড়ি আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০১৭

‘অদ্ভুত নাম্বারপ্লেট’ লাগানো একটি বিএমডব্লিউ গাড়ি আটক করেছেন বাংলাদেশের শুল্ক গোয়েন্দারা।

ঢাকার বনানী এলাকা থেকে বুধবার (১৮ জানুয়ারি) ওই গাড়ি আটক করা হয়। বিএমডব্লিউ এক্স ফাইভ সিরিজের এই গাড়িটি ব্যবহার করছিলেন মোহাম্মদ মহসিন আলম নামে ঢাকার এক ব্যবসায়ী।

আটকের সময় গাড়িটি বনানীর একটি বাড়ির বেসমেন্টে কাপড় দিয়ে ঢাকা ছিল। গাড়িটি 'অদ্ভুত নাম্বারপ্লেট' ব্যবহার করে চলছে, এমন একটি অভিযোগের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে গাড়িটি আটক করেন। এটির সম্মুখভাগের নাম্বারপ্লেটে দেখা যাচ্ছে প্রথমে ইংরেজিতে লেখা ঢাকা এবং এর পর ইংরেজিতে লেখা ওয়াইএফ-০৫পিভিটি।

প্রথমত বাংলাদেশে যানবাহনের নাম্বারপ্লেট ইংরেজিতে লেখা নিষিদ্ধ। দ্বিতীয়ত দেশটিতে যানবাহনের নম্বরের ক্ষেত্রে ইংরেজি বর্ণমালা নয়, ব্যবহার করা হয় বাংলা বর্ণমালা। শুল্ক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক ড. মঈনুল খান মোবাইল অ্যাপ ভাইবারে পাঠানো বার্তায় জানিয়েছেন, এটি একটি ব্রিটিশ নম্বর। কিন্তু ব্রিটেনের কোনো যানবাহনে বাংলাদেশের কোনো শহরের নাম ব্যবহার করার নজিরও পাওয়া যায় না। কারনেট বা শুল্কমুক্ত সুবিধা ব্যবহার করে গাড়িটি বাংলাদেশে আনা হয়েছিল।

এটি ব্রিটিশ নম্বর ব্যবহার করেই এতদিন চালাচ্ছিলেন মোহাম্মদ মুহসিন আলম। তিনি গাড়িটি আমদানি করার সময় উল্লেখ করেছিলেন, যুক্তরাজ্যের কোভেন্ট্রিতে বসবাস করেন। ড. খান তার বার্তায় আরও জানান, কারনেটের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও গাড়িটি জমা দেয়া হয়নি।এ ব্যাপারে একাধিক নোটিশও পাঠানো হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।ড. খান আরও জানান, আটক গাড়িটির আনুমানিক মূল্য শুল্ক-সহ সাড়ে তিন কোটি টাকা।

সূত্র: বিবিসি বাংলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.