Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে এ্যাম্বুলেন্স ড্রাইভারের বাসায় চুরি, ৪ লাখ টাকার মালামাল লুট

ঝিনাইদহ প্রতিনিধি |  ১৯ জানুয়ারী, ২০১৭

ঝিনাইদহ সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টারে এ্যাম্বুলেন্স ড্রাইভারের বাসায় চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ই জানুয়ারি) দুপুর ১২টার দিকে আশরাফুল নামের এই ড্রাইভারের বাসায় এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, ঝিনাইদহ সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টারের তিন তলার পূর্ব পাশে এ্যাম্বুলেন্স ড্রাইভার আশরাফুলের স্ত্রী ও এক সন্তানকে নিয়ে বসবাস করেন। একমাত্র ছেলে তারুণ্য অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবারে দুপুর সাড়ে ১১টার দিকে আশরাফুল ও তার স্ত্রী ছেলেকে নিয়ে ঝিনাইদহের সদর হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন।

৩০ মিনিটের মধ্যে ডাক্তার দেখানো শেষে বাসায় ঢুকে আশরাফুলের স্ত্রী দেখতে পান তার ঘরের তালা ভাঙ্গা। তিনি স্বামী আশরাফুলকে দ্রুত ফোন করে জানানোর পরে আশরাফুল বাসায় গিয়ে দেখতে পান তার ঘরে চুরি হয়েছে।

আশরাফুলের স্ত্রী বলেন, চোরেরা আলমারিতে রাখা স্বর্ণের চেইন, হাতের বালা, চিতা হার, কানের দুলসহ প্রায় ৭ ভরি স্বর্ণের অলংকারাদি নিয়ে যায় যার বর্তমান বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা। এ সময় নগদ পঞ্চাশ হাজার টাকাও নিয়ে যায় চোরেরা। সর্বমোট কত টাকার মালামাল চুরি হয়েছে জানতে চাইলে আশরাফুল বলেন প্রায় চার লাখ টাকার সমপরিমাণ মালামাল চুরি হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত চলছে। খুব শীঘ্রই এ ঘটনার সাথে জড়িতদের আটক করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.