Sylhet Today 24 PRINT

গাইবান্ধা থেকে নিখোঁজ আ’লীগ ও যুবদল নেতা দিনাজপুরে উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৭

মাইদুল ইসলাম প্রিন্স ও শফিউল ইসলাম শাপলা

নিখোঁজ হওয়ার ১১ দিনপর গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আওয়ামী লীগ নেতা মাইদুল ইসলাম প্রিন্স ও যুবদল নেতা শফিউল ইসলাম শাপলাকে দিনাজপুর থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খোলাহাটি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

মাইদুল ইসলাম প্রিন্স নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং শফিউল ইসলাম শাপলা নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক।

উদ্ধার হওয়ার পর প্রিন্স ও শাপলা জানান, রাতে অপহরণকারীরা তাদের দুই জনকে খোলাহাটি এলাকায় রেখে যায়। বিষয়টি তারা পরিবারকে জানালে রাতেই স্বজনরা তাদের উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

তবে কারা তাদের অপহরণ করেছিলেন, সে বিষয়ে তারা কিছুই জানাতে পারেননি প্রিন্স ও শাপলা।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, চার নেতা নিখোঁজ হওয়ার ঘটনায় সাদুল্যাপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এর আগে আওয়ামী লীগের দুই নেতা জিম ও সাদেক নিখোঁজের পর বাড়ি ফেরেন।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি সকালে নলডাঙ্গা রেলগেট এলাকা থেকে প্রিন্সকে ও কাচারী বাজার এলাকা থেকে শাপলাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে দুর্বৃত্তরা অপহরণ করেন। এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে সাদুল্যাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.