Sylhet Today 24 PRINT

বেনাপোলে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি  |  ২৩ জানুয়ারী, ২০১৭

যশোরের বেনাপোলে একটি আবাসিক হোটেল থেকে এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বেনাপোলের হাজী মুহাম্মদ উল্লাহ সুপার মার্কেটের রজনীগন্ধা আবাসিক হোটেলের ২২ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত ব্যাক্তির নাম সাইফুল ইসলাম (৩০)। তাঁর বাড়ি ঢাকার সাভার এলাকায় বলে জানা গেছে। সাইফুল ইসলাম সাভারের মোতাহের ইসলামের ছেলে।

হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সাইফুল গত ১৯ তারিখ রাতে হোটেলে সিট ভাড়া নেয়, আজ রাতের খাবারের জন্য ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে জানালার গ্লাস ভেঙ্গে ভিতরে ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। বেনাপোল বন্দর থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, নিহত সাইফুল ইসলামের বাড়িতে খবর দেওয়া হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য লাশ যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.