Sylhet Today 24 PRINT

একসাথে মদপানে প্রাণ গেল জামাই-শ্বশুরের

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৭

জামাই শ্বশুর মিলে চোলাই মদ পানের পর মৃত্যু হয়েছে শ্বশুর ও জামাইয়ের। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় অপর জামাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্রে জানা যায়, উপজেলার জোনাইল ইউনিয়নের বর্ণি গ্রামের দিলীপ গোমেজের বাড়িতে গত বৃহস্পতিবার বেড়াতে আসেন দুই জামাই। এসময় তাদেরকে নিয়ে একসঙ্গে চোলাই মদ পান করেন দিলীপ গোমেজ। মদ পানের কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন তিনজনই।

এ ঘটনায় শুক্রবার মারা যান বড় জামাই উজ্জ্বল কস্তার (৩৮)। সোমবার (২৩ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীতে মারা যান শ্বশুর দিলীপ গোমেজ (৫৮)।

পুলিশ জানায়, এই ঘটনায় সোমবার সকালে হোমিও দোকানদার বিশ্বজিৎ স্যানালের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। তার বিরুদ্ধে পৃথক আরেকটি হত্যা মামলা করেছেন দিলীপ গোমেজের ভাই বার্নাড গোমেজ।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান সাংবাদিকদের জানান, দুটি মামলায় বিশ্বজিৎকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.