Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে ভবনে হঠাৎ বিস্ফোরণ, দগ্ধ ৩

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৭

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার দেওয়ানবাজার এলাকায় আবাসিক একটি ভবনের তিনতলায় বিস্ফোরণে তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, সুমেদা বেগম (৭০), তাঁর নাতনি ইফতি (১৫) ও নাতি আরিফ (২৬)। তাঁদের মধ্যে দাদি ও নাতনির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভবনের বাসিন্দারা জানান, ভোরে হঠাৎ প্রচণ্ড শব্দে পুরো ভবন কেঁপে ওঠে এবং আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্ফোরণে ভবনের তিনতলার দুই পাশের দেয়াল ভেঙে গেছে। একটি দেয়াল ভেঙে পাশের ভবনে গিয়ে আঘাত করেছে।

চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আব্দুর রউফ জানান, বিস্ফোরণ কিভাবে হয়েছে তার তদন্ত চলছে। বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক জানান, দাদি ও নাতনির শরীরের প্রায় ১০০ ভাগই পুড়ে গেছে। নাতির শরীরের ২৫ ভাগ পুড়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.