Sylhet Today 24 PRINT

যৌন হয়রানির প্রতিবাদ করায় স্কুলে ঢুকে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৭

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় স্কুলে ঢুকে সাইদুর রহমান হৃদয় (১৪) নামে এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রূপাতলীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

হৃদয় ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। হামলায় রাফি (১৪) নামে তার আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, যৌন হয়রানির প্রতিবাদ করায় দুর্বৃত্তরা সকালে স্কুলে ঢুকে হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এ সময় বন্ধুকে বাঁচাতে এগিয়ে এলে রাফিকেও কুপিয়ে জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা হৃদয়কে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আওলাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.