Sylhet Today 24 PRINT

ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, ৩ বখাটের বিরুদ্ধে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৭

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় তিন বখাটের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামিরা হলো- পিঞ্জুরী গ্রামের শ্রীধাম মণ্ডলের ছেলে সম্রাট মণ্ডল, তার সহযোগী বঙ্কিম বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস ও নির্মল বসুর ছেলে মিঠু বসু।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি রাতে পিঞ্জুরী গ্রামে এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীকে বাড়ির সামনে থেকে জোর করে তুলে নিয়ে যায় তিন বখাটে। এক পর্যায়ে তারা মেয়েটিকে বাথরুমে আটকে রেখে বিবস্ত্র করে তার ভিডিও ধারণ করে। পরে তারা ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিলে পরদিন ওই ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

আসামি সম্রাট ওই ছাত্রীকে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, তিন বখাটেকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.