সিলেটটুডে ডেস্ক | ১২ ফেব্রুয়ারী, ২০১৭
রাজধানীর পল্লবীতে সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। নিহতের নাম মো. ফরিদ (২০)।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদের চাচাতো ভাই মো. রাশেদ জানান, ফরিদ দোকান কর্মচারী। দোকানের সামনেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফরিদকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদের লাশ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রয়েছে।