Sylhet Today 24 PRINT

সিলেটে সংস্কৃতি উৎসবে আসার পথে হেলিকপ্টার দুর্ঘটনা, ৫ বিদেশিসহ আহত সাত

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

পাখির সঙ্গে ধাক্কা খেয়ে ঢাকা থেকে সিলেটগামী একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। এতে আরোহী ছিলেন পাঁচ বিদেশিসহ সাতজন। তারা অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও সামান্য আহত হয়েছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) সিলেট যাওয়ার পথে কিশোরগঞ্জের বাজিতপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের ওই হেলিকপ্টার ঢাকা থেকে ডেনমার্কের দুজন, কোরিয়ার দুজন ও ইতালির একজন নাগরিকসহ সাতজনকে নিয়ে সিলেটে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত সংস্কৃতি উৎসবে যোগ দিতে রওনা হয়। পথিমধ্যে একটি বড় পাখির সঙ্গে ধাক্কা খেয়ে হেলিকপ্টারের সামনের গ্লাস ভেঙ্গে আরোহীরা আহত হন।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ হেলিকপ্টারের প্রচণ্ড আওয়াজ পেয়ে তারা ঘর থেকে বের হয়ে দেখেন দক্ষিণ দিক থেকে কপ্টারটি গাছগাছালির সামান্য ওপর দিয়ে সূতাকাটা ঢাউস ঘুড়ির মতো এদিক-ওদিক কাত হয়ে হয়ে উত্তর দিকে চলে যাচ্ছে। হেলিকপ্টারটি কিছুদূর গিয়ে আবার ঘুরে খুব নিচ দিয়ে দক্ষিণে কয়েকশ' গজ এসে একটি সরিষা ক্ষেতে অবতরণ করে।

হেলিকপ্টারে থাকা ফার্স্ট এইড বক্স থেকে গজ ও ওষুধ বের করে সামান্য আহত বিদেশি নাগরিকরা নিজেরাই ক্ষতস্থানের চিকিৎসা করেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের সাহায্যার্থে ছুটে আসেন। তারা পানি ও খাবার দিয়ে আহতদের সহযোগিতা করেন। বাজিতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে স্থানীয় পুলিশও ঘটনাস্থলে আসে।

পরে বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে আরও দু'টি হেলিকপ্টার এসে দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি উদ্ধার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.