Sylhet Today 24 PRINT

আদনান খুনে গ্রেপ্তার আরও ৩

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মার্চ, ২০১৭

রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবির হত্যায় জড়িত সন্দেহে আরও তিন জন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ মার্চ) রাতে উত্তরা ও টঙ্গী এলাকা থেকে ওই তিন তরুণকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার পুলিশ।

গ্রেপ্তার হওয়া তিন তরুণ হলেন মো. রাজিন (২০), শাকিল সরকার (১৯) ও মাকরুল ইসলাম (১৯)।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হেদায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া তিন তরুণকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরা ১৩ নম্বর সেক্টরে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আদনান কবির খুন হয়। এ ঘটনায় আদনানের বাবা কবির হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন।

আদনান হত্যায় জড়িত সন্দেহে ইতিমধ্যে বেশ কয়েকজন কিশোর-তরুণ গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।

উত্তরায় গড়ে ওঠা কিশোর-তরুণদের গ্যাংয়ের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে আদনান খুন হয় বলে ধারণা পুলিশের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.