পাবনা সংবাদদাতা | ১০ মার্চ, ২০১৭
পাবনার চাটমোহরের মথুরাপুর ক্যাথলিক চার্চের এক নৈশপ্রহরীর উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে প্রহরি গিলবার্ট কস্তাকে (৬৫) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এই হামলায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।গিলবার্টের বাড়ি কস্তা উপজেলার লাউতিয়া গ্রামে।
আটক তিনজন হলেন উপজেলার লাউতিয়া গ্রামের রাজিব হোসেন (১৮), মুরাদ হোসেন (১৭) ও ফরিদ হোসেন (১৮)।
আহত ব্যক্তির ছোট ভাই বকুল কস্তার ভাষ্য, গতকাল বৃহস্পতিবার রাতে মথুরাপুর ক্যাথলিক চার্চে নৈশপ্রহরীর দায়িত্বপালন করছিলেন গিলবার্ট কস্তা। রাত তিনটার দিকে কয়েকজন দুর্বৃত্ত চার্চের প্রাচীর টপকে ভেতরে ঢোকে। এ সময় নৈশপ্রহরী গিলবার্ট তাঁদের বাধা দেন। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গিলবার্টের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে। গিলবার্টকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আহসান হাবিব বলেছেন, পুলিশ রাতেই অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।
গত বছর দেশের কয়েকটি চার্চে হামলা চালিয়েছিলো উগ্রবাদীরা। তবে পুলিশের দাবি এটা সেরকম কোন ঘটনা নয়, পূর্ববিরোধের জেরে গিলবার্টের ওপর হামলা হতে পারে বলে তাদের ধারণা।