Sylhet Today 24 PRINT

ক্রিকেটার সানিকে আদালতে নেওয়া হবে আগামীকাল

সিলেটটুডে ডেস্ক  |  ১৪ মার্চ, ২০১৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় ক্রিকেটার আরাফাত সানির জামিন শুনানি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৪ মার্চ) সানির আইনজীবী এম জুয়েল আহমেদ এ বিষয়টি সংবাদ মধ্যমকে জানিয়েছেন।

এম জুয়েল আহমেদ জানান, ১৫ মার্চ (বুধবার) বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে সানির জামিন শুনানি রয়েছে। তাঁকে আদালতে হাজির করা হবে।

আইনজীবী আরো জানান, ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে সানি নারী নির্যাতনের মামলায় এক মাসের জামিন পেয়েছেন। কাল সানি জামিন পেলে তাঁর মুক্তিতে বাধা থাকবে না।

ক্রিকেটার সানি বর্তমানে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে বন্দি রয়েছেন। গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল তাঁর জামিন নাকচ করে দেন। এর পর সানির আইনজীবী ফের একই আদালতে জামিনের আবেদন করেন। আদালত এ বিষয়ে শুনানির জন্য ১৫ মার্চ দিন নির্ধারণ করেন।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ মামলায় একদিনের রিমান্ডও ভোগ করেছেন সানি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.