Sylhet Today 24 PRINT

৮ম শ্রেণি পাশ করেই ঢাকা মেডিকেলের অধ্যাপক!

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৭

নিজেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে গত দেড় মাস ধরে মাগুরা শহরে রোগী দেখে আসছিলেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএসসহ মেডিসিনে এফসিপিএস, নিউরোলজিতে এমডি এবং লন্ডন থেকে এফআরসিপি ডিগ্রি অর্জন করেছেন বলে ব্যবস্থাপত্রে উল্লেখও করেছেন তিনি। তবে যাচাই শেষে জানা গেল সবই ভুয়া। তার পড়োশোনা আসলে অষ্টম শ্রেণি পর্যন্ত!

এমনই এক ভুয়া চিকিৎসককে বুধবার এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তার নাম খোরশেদ আলম। বাড়ি চট্টগ্রামে, বাবার নাম মোকসেদ আলম। ভ্রাম্যমাণ আদালত এক বছরের সাজা দেওয়ায় বুধবারই তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা জানান, ঢাকা মেডিকেলের সহকারী অধ্যাপক, বিসিএস ও নিউরো মেডিসন বিশেষজ্ঞ পরিচয়দানকারী খোরশেদ আলম ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস ও এফসিপিএস মেডিসিন, এমডি নিউরোলজি এবং লন্ডন থেকে এফআরসিপি ডিগ্রি অর্জন করেছেন বলে দাবি করার পাশাপাশি ব্যবস্থাপত্রে এ সকল ডিগ্রি উল্লেখ করেছেন। এ পরিচয়ে দেড় মাস ধরে তিনি মাগুরা শহরের গ্রামীণ মেডিকেল সার্ভিসেস-এ রোগী দেখে আসছেন। তবে যাচাই করে দেখা গেছে, তার সকল সনদই ভুয়া। যে কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.