Sylhet Today 24 PRINT

প্রাইভেট না পড়ায় শিক্ষকের মারধর, ছাত্রী হাসপাতালে

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৭

প্রাইভেট পড়া বন্ধ করে দেয়ায় মাদারীপুরের কালকিনিতে এক শিক্ষার্থীকে বেদম মারধর করেছেন সরোয়ার হোসেন নামের এক প্রধান শিক্ষক। মেয়েকে মারধরের প্রতিবাদ করায় ওই শিক্ষকের হাতে লাঞ্ছিত হয়েছেন নির্যাতিত শিক্ষার্থীর বাবা আতিকুর রহমান শিকদারও। মারধরের শিকার শিক্ষার্থী জাসিয়া আক্তার (১১) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) বিকালে কালকিনি পৌর এলাকার ৩নং রাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ মারধরের ঘটনা ঘটে।

অভিযুক্ত সরোয়ার হোসেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আহত জাসিয়া বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির ছাত্রী।

জাসিয়ার পরিবারের অভিযোগ, পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের আতিকুর রহমান শিকদারের স্কুল পড়ুয়া মেয়ে জাসিয়া আক্তার তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেনের কাছে দীর্ঘদিন প্রাইভেট পড়ে আসছে। কিন্তু আর্থিক সমস্যার কারণে বর্তমানে প্রাইভেট পড়া বন্ধ করে দিলে সরোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে শনিবার বিকালে জাসিয়া আক্তারকে শ্রেণিকক্ষে বেদম মারধর করেন। শিক্ষকের পিটুনিতে জাসিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক সরোয়ার হোসেন বলেন, এসব ঘটনা মিথ্যা ও সাজানো।

এ বিষয় অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ওই ছাত্রীকে আমরা দেখতে হাসপাতালে গিয়েছি। তাকে শারীরিকভাবে যে নির্যাতন করা হয়েছে, তা অমানবিক। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.