Sylhet Today 24 PRINT

প্রাইভেট পড়তে গিয়ে বরিশালে ৩ ছাত্রী নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মে, ২০১৭

প্রাইভেট পড়তে গিয়ে বরিশালের বানারীপাড়া উপজেলায় তিন ছাত্রী নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (২রা মে) দুপুর ৪টার দিকে এই তিন ছাত্রী নিখোঁজের  ঘটনা ঘটে।

ওই তিন ছাত্রী মঙ্গলবার নিখোঁজ হলেও বুধবার (৩রা মে) দুপুরে তাঁদের নিজ নিজ অভিভাবকরা বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ তিন ছাত্রী হল বানারীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আঁখি ও স্বর্ণা। অপরজন উপজেলার চাখার ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে নিখোঁজদের পরিবারের বরাত দিয়ে জানান, বানারীপাড়া পৌরশহরে দোলা নামে এক স্কুল শিক্ষিকার কাছে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় বাড়ি থেকে বের হয় তারা। এরপর থেকে তাদের কোনো খোঁজ মিলছে না।

বুধবার দুপুরে তাদের পরিবার সন্তানের নিখোঁজ থাকার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি জানতে পেরে নিখোঁজ ৩ জনকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.