Sylhet Today 24 PRINT

কিশোরগঞ্জে স্কুলছাত্র অপহরণ ও হত্যা মামলা, ৪ জনের প্রাণদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মে, ২০১৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলছাত্র সাকিবুল হাসান টুটুলকে অপহরণের পর হত্যা মামলায় চার আসামির ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বুধবার (৩রা মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আউলাদ হোসেন ভূঁইয়া এ রায় দেন।

আসামিরা হলেন- পাকুন্দিয়া উপজেলার চরকাউনা নয়পাড়া গ্রামের দুলাল, সোহাগ, আমিনুল ও ডালিম। তাদের সবাই আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার বিবরণে বলা হয়, আসামিরা ২০১৪ সালের ১২ অগাস্ট চরকাউনা নয়পাড়া গ্রামের মো. কামাল উদ্দিনের ১০ বছর বয়সী ছেলে সাকিবুল হাসান টুটুলকে অপহরণ করে।

পরে তারা কামালের মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দুইদিন পর বাড়ির পাশের একটি ঝোপ থেকে টুটুলের লাশ উদ্ধার করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ আফজাল জানান, এ ঘটনায় টুটুলের বাবা বাদী হয়ে ওই দিনই চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলে মামলার বিচার কাজ শুরু করে আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.