Sylhet Today 24 PRINT

লংগদুতে যুবলীগ নেতা হত্যার অভিযোগে ২ পাহাড়ি যুবক গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০১৭

রাঙামাটির লংগদু উপজেলায় সন্ত্রাসীদের হাতে নিহত ভাড়ার মোটরসাইকেল চালক ও যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যায় জড়িত সন্দেহে রনেল চাকমা (৩৩) ও জুয়েল চাকমা (১৮) নামে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জুন) রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) আলী আহাম্মদ।

রনেল চাকমাকে খাগড়াছড়ি সদরের কৃষি গবেষণা কেন্দ্র এলাকা থেকে এবং জুয়েল চাকমাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এসপি জানান, গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যানুযায়ী নয়নের খোয়া যাওয়া মোটরসাইকেল উদ্ধারে মাইনী নদীতে অভিযান চালানো হচ্ছে। অভিযানে অংশ নিতে চট্টগ্রাম থেকে বাংলাদেশ নৌ-বাহিনীর ডুবুরি দল এসেছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান শুরু হয়।

উল্লেখ্য, মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়নকে রাঙ্গামাটির লংগদু উপজেলা থেকে দু’জন পাহাড়ি যুবক ভাড়ায় নিয়ে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার চার মাইল নামক স্থানে এনে হত্যা করে এবং হত্যার পর ঘাতকরা তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে লংগদুতে পাহাড়ি বাঙালির মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং পাহাড়ি পল্লীতে আগুন দেয়ার ঘটনাও ঘটে। উপজেলায় জারি করা হয় ১৪৪ ধারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.